ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

৯ মাসে এনবিআরের সাড়ে ১৬ হাজার অভিযান, আদায় ৯৯৪ কোটি টাকা

কর ও রাজস্ব ফাঁকির ঘটনা রোধে সারা দেশে ব্যাপক অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এনবিআরের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত নয় মাসে (সেপ্টেম্বর ২০২৪ থেকে মে ২০২৫) এনবিআরের অধীনস্থ কাস্টমস ও আয়কর অনুবিভাগসহ মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা ইউনিট মিলে মোট ১৬ হাজার ৫৭২টি অভিযান পরিচালনা করেছে।


এইসব অভিযানের মাধ্যমে মোট ৬ হাজার ২৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন হয়েছে বলে জানায় এনবিআর। এর মধ্যে বিভিন্ন উৎস থেকে আদায় করা গেছে ৯৯৪ কোটি টাকা।বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস হাউজগুলো এই সময়ে ২ হাজার ২১৫টি অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১৮৩ কোটি টাকা এবং এই পুরো অর্থই আদায় করা হয়েছে।


ভ্যাট কমিশনারেটগুলো ৬ হাজার ৮০৩টি অভিযান চালিয়ে ৫১৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত করে। তবে সেখান থেকে আদায় হয়েছে মাত্র ৮৯ কোটি টাকা। ভ্যাট গোয়েন্দা ইউনিট ২৩১টি মামলায় ১ হাজার ৬৩৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করে এবং ২৪০ কোটি টাকা আদায় করে।


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আলাদাভাবে অভিযান চালিয়ে ৭৩ কোটি টাকা আদায় করেছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১টি অভিযানে ১৯৪ কোটি টাকা এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ১৭০টি অভিযানে ১১০ কোটি টাকা আদায় করেছে।


এছাড়া দেশের ৪১টি কর অঞ্চলের আওতায় ৬ হাজার ৯৭২টি কর ফাঁকি শনাক্তকরণ অভিযান পরিচালিত হয়, যার মাধ্যমে মোট ১০৫ কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব হয়েছে।


জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, এসব অভিযানে রাজস্ব ফাঁকির প্রকৃত চিত্র বেরিয়ে এসেছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


ads
ads
ads

Our Facebook Page

↑